এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পরবর্তীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে সপ্তাহে অন্তত একদিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাব উত্থাপন করা হলেও সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মত দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে জানাবে। পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়ার পরই অনলাইন ক্লাস চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর একটি প্রস্তাব উঠে আসে, যেখানে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সাশ্রয় ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এই ধরনের সমন্বিত পদ্ধতি কার্যকর হতে পারে।