প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:১৬ পিএম (ভিজিট : ২৫৮)

X
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান
নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।
রবিবার (৫ মার্চ) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল একটি করে বৈদ্যুতিক চুলা, তিনটি করে হাঁড়ি, দুইটি করে গ্লাস, প্লেট, পেয়ালা ও চামচ, একটি করে বালতি ও মগ, দুইটি করে বালিশ ও বালিশ কভারসহ বেডশিট, একটি করে থ্রি-পিস, লুঙ্গি, গামছা ও মশারি। পাশাপাশি খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ এবং দুইটি করে সাবান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম, হাইস্কুল ইনচার্জ মো. মনজুর আলম, এরাবিক সেন্টারের ইনচার্জ হাফেজ মোহাম্মদ আবদুর রহমান এবং উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মো. মাজেদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংস্থাটির অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজে পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ৯টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।