কাঠগড়ায় বিষণ্ন চেহারায় দাঁড়িয়ে ছিলেন শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন না দিয়ে কারাগারে

2026-04-07T17:26:35+00:00
2026-04-07T17:26:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাঠগড়ায় বিষণ্ন চেহারায় দাঁড়িয়ে ছিলেন শিরীন শারমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৯০)
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
X

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। 

মামলার শুনানিতে তিনি ২০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে বিষণ্ন চেহারায় নিশ্চুপ থাকতে দেখা গেছে।

এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে পুলিশি প্রহরায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে কারাগারে আটক আবেদন করেন। পরবর্তীতে আরেকটি আবেদনে তার দুই দিনের রিমান্ড চাওয়া হয়।

আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশীলব ছিলেন। তাদের সিদ্ধান্ত পরিকল্পনায় পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে এই মামলার ঘটনা ঘটেছে মর্মে জানা যায়। পলাতক আসামিসহ মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্তে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য শিরীন শারমিন চৌধুরীকে পুলিশি হেফাজতে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন। বিকেল সোয়া ৩টার দিকে পুলিশি প্রহরায় তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় অন্যান্য আসামির মতো তার মাথায় হেলমেট বা গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট দেখা যায়নি।

এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। তিনি কাঠগড়ার সামনের লোহার রেলিং ধরে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এই আসামি ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তিনি বিনা ভোটে নির্বাচিত এমপি ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারের একজন উপকারভোগী। এ মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি। এতদিন আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ মামলার ঘটনার সাথে তার সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত ও আলামত উদ্ধারের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তার সর্বোচ্চ দুই দিনের রিমান্ড প্রার্থনা করছি।

এ সময় আসামিপক্ষের আইনজীবী ইবনুল কাওসার এবং এ বি এম হামিদুল মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, এ মামলায় ১৩০ জন আসামি যার মধ্যে শিরীন শারমিন ৩ নম্বর আসামি। মামলায় শুধু তার নামটাই রয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ঘটনার ১০ মাস পর এ মামলা করা হয়েছে। সাংবিধানিকভাবে তিনি মহান সংসদের স্পিকার হওয়ায় তিনি ছিলেন নিউট্রাল একজন। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মামলা ছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তিনি বিগত সরকারের আমলে কোনো অন্যায় বা লুট করেছেন এই মর্মে কোনো অভিযোগ নেই। তিনি ক্লিন ইমেজের একজন ব্যক্তি। দীর্ঘদিন পলাতক অবস্থায় থাকায় তিনি এখন অসুস্থ। তাকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই। উভয় পক্ষের শুনানি শেষে বিকেল ৩টা ২৭ মিনিটে আদালত জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় আসামিপক্ষের এক আইনবীবী আদালতকে জানান, শিরীন শারমিন কথা বলতে চান। তবে আদালত কথা বলার কোনো অনুমতি দেননি। পরে পুলিশি প্রহরায় ৩টা ৩৫ মিনিটে আদালত থেকে বের করে হাজতখানায় নেওয়া হয়।

এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy