প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ৩৬)

X
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা স্কুল এ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, ইতনা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লেখক-সাংবাদিক আতাউর রহমান ফিরোজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আতাউর রহমান ফিরোজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসসহ অন্যান্য রোগ ব্যধিতে ভুগছিলেন।
আশির দশকে আতাউর রহমান ফিরোজ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা শুরু করেন। অধূনা বিলুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ইতনা গণগ্রন্থাগার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি দীর্ঘদিন ইতনা গণ-গ্রন্থাগারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতনা গণ গ্রন্থাগারের পাশাপাশি তিনি দীর্ঘদিন লোহাগড়ার ঐতিহ্যবাহী রাম নারায়ণ পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ১৯৭১ সালে ২৩ মে ইতনায় সংঘটিত গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে কাজ করেছেন। তিনি ইতনার ইতিহাসসহ বেশ কয়েকটি বই লিখেছেন।
আজ জোহর বাদ ইতনায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক আতাউর রহমান ফিরোজের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন লোহাগড়ায় কর্মরত সাংবাদিক সমাজ।