প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ১৫)

X
চট্টগ্রাম নগরীর চাক্তাই খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ভেড়া মার্কেট সংলগ্ন স্লুইস গেট এলাকা থেকে লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। মো. রাকিব নামে ১০ বছরের শিশুটি স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস ও রাকিবের স্বজনরা জানান, বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে আর উঠে আসেনি সে। পরে খবর পেয়ে রাতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন বলেন, ‘গোসল করতে খালে কয়েক শিশু নেমেছিল। অন্যরা উঠে এলেও রাকিব উঠতে পারেনি। আমরা সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠাই। তারা তল্লাশি চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।’
রাকিবের বাবা মাঈন উদ্দিন রিকশাচালক। তার মা অদূরে ফিশারিঘাট এলাকায় মাছের আড়তে দৈনিক ভিত্তিতে কাজ করেন। তারা থাকেন ভেড়া মার্কেট এলাকায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে যখন বাসায় কেউ ছিল না তখন রাকিব বন্ধুদের সঙ্গে চাক্তাই খালে নামে। অন্যরা খাল থেকে উঠে এলেও সে উঠতে পারেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিকাল পর্যন্ত খালে রাকিবের খোঁজ করে। শেষে রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসকে জানানো হয়।