প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম আপডেট: ০৮.০৪.২০২৬ ৪:৪৯ পিএম (ভিজিট : ৫১)

X
ভোজ্যতেলের গুদামে র্যাবের হানা
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনবিহীনভাবে বাজারজাত করার অভিযোগে অভিযানে নেমেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এতে ২২ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে মামলা ও জরিমানাও করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে বিক্রি করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।’
৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরদিন গভীর রাতে পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা মোট ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।