প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ৭১)

X
নড়াইলের নড়াইল সদর উপজেলার আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সী নিজ শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাবাসসুম।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুন-এর সঙ্গে সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
প্রায় এক মাস আগে তিনি শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।
নিহত শিশুর চাচা শামিম মোল্যা বলেন, “গতকাল পরিবারে সবাই স্বাভাবিক ছিল। সকালে খবর পাই শিশুটিকে হত্যা করা হয়েছে। এসে তার গলায় দাগ দেখতে পাই।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং শিশুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।