
ফাইল ছবি
বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত্রি চারটার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশের দারোগা মাহবুবুল আলমের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তীব্র গতিতে ছড়াতে থাকে। এ সময় বাড়ির উপরে কয়েকটি কাঠাল গাছের আগুন লেগে পুড়ে যায়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৪ টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনটা সেমি পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জামসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার সুজন মিয়া বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনটি সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জাম সহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।