প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম (ভিজিট : ২১২)

X
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা ২০২৬। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিজ্ঞান মেলা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক মডেল উপস্থাপন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি উদ্ভাবনসহ নানা বিষয়ে তৈরি প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা। তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে সেরা প্রকল্প প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অষ্টগ্রাম উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজ। তাদের উদ্ভাবনী ও ব্যতিক্রমধর্মী প্রকল্প বিচারকদের মুগ্ধ করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যতের উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।