প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম (ভিজিট : ৯০)

X
শিক্ষক রফিকুল আলম বকুল
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ মেহেরপুর সদর উপজেলায় কলেজ পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা পেলেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্কাউটার রফিকুল আলম বকুল।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) পার্থ প্রতীম শীল ও উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষক রফিকুল আলম বকুল একজন দক্ষ স্কাউটার। তিনি স্কাউটস এর রোভার শাখার একজন উডব্যাজার। এছাড়া তিনি মেহেরপুর জেলা রোভার স্কাউটস এর সাবেক কোষাধ্যক্ষ ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে করেছেন। তিনি মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের রোভার স্কাউটস গ্রুপের ইউনিট লিডার। তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক। শিক্ষার্থীদের কাছে অত্যান্ত জনপ্রিয় এ শিক্ষক ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ২০২২ সালে সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, ২০২৪ সালেও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
কলেজের বিভিন্ন জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসে একজন ভাল উপস্থাপক ও বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক ও নিরীক্ষক।
শিক্ষকতার বাইরে তিনি বিভিন্ন বিষয়ে বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্ট ও রোভারিং নিয়ে লেখালেখি করে থাকেন। তিনি যৌথভাবে এইচএসসি (বিএম) এর হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ (দ্বিতীয় পত্র) বই রচনা ও সম্পাদনা করেছেন।
রফিকুল আলম বকুল আইসিটি জ্ঞানে অত্যন্ত দক্ষ। তিনি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়া থেকে আইসিটির উপর একাধিক কোর্স সম্পন্ন করেছেন।এছাড়া তিনি ব্যানবেইস এর অধীনে ও আইসিটির উপর প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি জাতীয় শিক্ষক বাতায়নের একজন সদস্য। এটুআই আইসিটি ডিভিশনের মাধ্যমে আইসিটির বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে থাকেন। স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক কসবা ব্লাড ব্যাংক সোসাইটি ও গাংনী পাবলিক লাইব্রেরীর উপদেষ্টা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব জেলা -০৬ এর গভর্নর ও ন্যাশনাল বোর্ড মেম্বর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের মেহেরপুর জেলার সভাপতি তিনি।
অত্র কলেজ থেকে কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন কলেজ অধ্যক্ষ শাহী উদ্দীন ও কলেজ পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার স্নিগ্ধা।