প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম (ভিজিট : ৬৫)

X
আইন সহায়তা বিষয়ক সেমিনার
নীলফামারীর সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে এবং নারীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে ‘আইন সহায়তা বিষয়ক’ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী নীলফামারী সদরস্থ বিআরডিবি হল রুমে পল্লীশ্রীর আয়োজনে এবং ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানি’র সহযোগিতায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রমোটিং অপরচুনিটিজ ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) রবিউল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অসহায় ও দুস্থ মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনজীবী নিয়োগসহ নানা সুবিধা দিচ্ছে। যেকোনো আইনি সমস্যায় ভয় না পেয়ে লিগ্যাল এইড অফিসের সহযোগিতা নেওয়া উচিত।” তিনি বিশেষ করে নারীদের আইনি সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো সংকটে মীমাংসা বা আইনি পরামর্শের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে সরাসরি অংশগ্রহণকারী নারী ও ভুক্তভোগীরা তাদের বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক আইনি সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের পথ দেখিয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মাহবুর রহমান চৌধুরী এবং পল্লীশ্রী সদরের প্রোগ্রাম অফিসার মোছা: শাহিন আক্তার।
সেমিনারে নারী নেত্রী, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, কিশোর-কিশোরী, চাকুরীজীবী ও সাংবাদিকসহ মোট ৩৪ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা প্রান্তিক পর্যায়ে নারীদের ক্ষমতায়ন ও আইনি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।