প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৩১ পিএম (ভিজিট : ৩০)

X
আন্তর্জাতিক সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এই সম্মেলনের আয়োজন করে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. শৌকত আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নন্দিতা দেব অনুষ্ঠান সঞ্চালনায় বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম আকতার হুসাইন স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকট মোকাবিলায় পদার্থবিজ্ঞানীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের বিশ্বমানের গবেষক হিসেবে গড়ে তুলতে আধুনিক ল্যাবরেটরি ও উন্নত গবেষণার পরিবেশ নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক জ্ঞানকে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করতে হবে।
উন্নত গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।