প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ৩০৮)

X
কথা কাটাকাটির জেরে হাবিপ্রবিতে সংঘর্ষ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর কথাকাটাকাটির জেরে। তবে কী নিয়ে বিতর্ক হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
প্রথম দফার সংঘর্ষের পর প্রক্টর, হল সুপার ও এডভাইজর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু শিক্ষকদের উপস্থিতিতেই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। প্রশাসনের ভূমিকা ছিলো দুঃখজনক—সংঘর্ষ থামাতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলার পর এক্সটেনশন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান নেয়। এরপর প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল বলেন, “রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সুষ্ঠ তদন্ত করা হবে। এর সাথে যারা জড়িত ও দোষী প্রত্যেককে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা হবে।”
প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান জানান, “আমরা রাতে শিক্ষার্থীদের শান্ত করে, তাদের হলে ঢুকিয়ে পরিবেশ শান্ত করেছি। বিকেলে প্রশাসনের সাথে মিটিং, পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শহীদ নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজ বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাইরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে ক্যাম্পাস মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান, যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকে এবং নিরাপত্তাহীনতা দূর হয়।