প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : ৫৭)

X
সিসা তৈরির কারখানা ও কয়লা তৈরির চুল্লি ধ্বংস
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে একটি অবৈধ সিসা তৈরির কারখানা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
প্রশাসন সূত্রে জানা গেছে, মহিষবাতান এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর একই ইউনিয়নের আজগানা এলাকায় অভিযান চালিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো.সোহাগ তালুকদার এবং মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে সিসা উৎপাদন এবং কয়লা তৈরির কারখানার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।