প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ পিএম (ভিজিট : ২৩৮)

X
ভোজ্যতেলের মজুদরোধে যৌথ অভিযান
হাটহাজারীতে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও আলম এন্টারপ্রাইজকে বিপদ্যুক্ত স্থানে ভোজ্যতেল মজুদসহ একাধিক অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার হাটহাজারী পৌরসভার আলিপুর গ্রামের মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ ভোজ্যতেলের মজুদরোধে যৌথ অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
সরেজমিন জানা গেছে, জনৈক মিজানুর রহমান উপরোক্ত দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ডিলারশিপ হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। আবাসিক ভবন রহমানীয়া ভিলায় ব্যবসা পরিচালিত হলেও প্রতিষ্ঠানের কোন সাইনবোর্ড ব্যবহার করেন নি। ভবনের নিচ তলায় গুদামে নোংরা পরিবেশে পণ্য রাখা হয়েছে। ভোজ্যতেল দাহ্য পদার্থ সত্ত্বেও রাখা হয়নি কোন অগ্নি নির্বাপক যন্ত্র। ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়াদোত্তীর্ণ প্রচুর ভোজ্যতেল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সত্যতা নিশ্চিত করে বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিনি বলেন, জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করা হয় এবং মজুদকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ মজুদ করে বাজারে কৃত্তিম সংকটরোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে অভিযানে অসন্তোষ নয় বরং সচেতনের সুযোগ পেয়েছেন উল্লেখ করে ডিলার মোঃ মিজানুর রহমান বলেন, অনেক কিছু অজানা ছিল। অভিযানের মাধ্যমে জানতে পেরেছেন। ভবিষ্যতে আইন ও সব নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করবেন।
এসময় র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছ উদ্দিন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহিদুল হক জিসান, মডেল থানার এস আই রাকিব ও তাদের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।