সামান্য বৃষ্টিতেই গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে কয়েক লাখ বাসিন্দা ও প্রায় অর্ধশতাধিক শিল্প কারখানার শ্রমিক চরম ভোগান্তিতে পড়েন। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি দীর্ঘদিন স্থায়ী থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
এ পরিস্থিতি থেকে উত্তরণ ও শ্রমিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে মাসকো গ্রুপ।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার নাজমুল হুদা আহমেদ।
উদ্বোধনকালে তিনি বলেন, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমাতে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, ড্রেন পরিষ্কারের ফলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।
তিনি আরও জানান, টানা সাত কর্মদিবস ধরে এই ড্রেন পরিষ্কার কার্যক্রম চলবে। উদ্যোগটি বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং জনদুর্ভোগ কমবে।
স্থানীয় বাসিন্দা ও পোশাক শ্রমিকরা জানান, সিটি করপোরেশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাসকো গ্রুপের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান।