
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দিনে পেট্রোল ও ডিজেলের সংকট দেখিয়ে গভীর রাতে অবৈধভাবে জ্বালানি বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে। অভিযোগের তীর স্টেশনটির মালিক ফারুক মাদবরের দিকে।
শুক্রবার রাত ১১টার দিকে ওই পাম্পে কয়েকটি ট্রাক, পিকআপ ও গ্যালনে করে ডিজেল বিক্রি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এদিকে পাম্পে তেল বিক্রি না করতে ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা নিষেধ করলেও তা মানছেন না মালিক এমন অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে কৃষক, মোটরসাইকেল চালকসহ সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে, দুই দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার পাম্পটিতে একটি পেট্রোলবাহী তেলের গাড়ি আসে। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার ভোর থেকেই প্রায় দুই কিলোমিটারজুড়ে মোটরসাইকেল চালকেরা তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। তবে দালাল সিন্ডিকেটের কারণে শৃঙ্খলা ভেঙে পড়ে বলে অভিযোগ রয়েছে। পরে সন্ধ্যার আগেই পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানিয়ে দেয়। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে তেল না নিয়েই ফিরে যেতে হয়েছে।
অন্যদিকে কৃষকদেরও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকারের নিযুক্ত ট্যাগ অফিসারদের নির্দেশনাও মানা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে দিনে পাম্প বন্ধ রাখা বা তেল নেই অজুহাতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ানো হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতে নিয়মিতভাবে ডিজেল বিক্রি চলছে। এমনকি মোটরসাইকেলেও পেট্রোল সরবরাহ করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর পাম্পের কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের তদবিরে ১০০ লিটার বা তার বেশি ডিজেল দেওয়া হচ্ছে, অথচ লাইনে দাঁড়ানো কৃষক ও জেলেদের তেল সংকট দেখানো হচ্ছে। দালালদের দৌরাত্ম্যে সাধারণ গ্রাহকদেরও হয়রানির শিকার হতে হচ্ছে।
ট্রাকচালক শামসুদ্দিন বলেন, আমি ২ হাজার টাকার ডিজেল কিনেছি। প্রতিদিন রাতে আমরা এই পাম্প থেকে তেল নিই।
উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু বলেন, রাত ১১টার দিকে খবর পেয়ে পাম্পে গিয়ে দেখি ট্রাকে ডিজেল বিক্রি হচ্ছে। আমি নিষেধ করলেও পাম্প কর্তৃপক্ষ শোনেনি। বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর বলেন, রাতে তেল বিক্রি করলে সমস্যা কোথায়? আমাকে ভিডিও করে নেন।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, রাতে তেল বিক্রির বিষয়টি এখনই জানতে পারলাম। এসিল্যান্ডকে জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।