প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম (ভিজিট : ৬১৩)

X
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা, গ্রেফতার ১
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী নাফিস মোর্শেদ চৌধুরী (২৪) দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঁশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস তার দুই নারী সহপাঠীকে নিয়ে হাঁটছিলেন। এসময় স্থানীয় যুবক মো. সজিব (২৬) ও মো. জুয়েল ইসলাম (৩৫) নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করে অশালীন মন্তব্য শুরু করে। প্রতিবাদ করলে জুয়েলের নির্দেশে সজিব ধারালো বাঁশের ফালা দিয়ে নাফিসের কপালে আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং পরে ৮টি সেলাই দিতে হয়।
সহপাঠীরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাথার খুলি ফেটে গেছে, তবে আপাতত আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০৭ (হত্যার চেষ্টা) ও ৩২৪ ধারাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, “আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর এমন হামলা না ঘটে।”
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি জানান, শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।
গ্রেফতারকৃত আসামি হলেন জুয়েল ইসলাম। অন্যান্য অভিযুক্তরা হলেন- সজিব, বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। ঘটনার পর থেকেই তারা এলাকা ছেড়ে পলাতক রয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।