প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ১৪৫)

X
সোনা মিয়া
খুলনা মহানগরীর খালিশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম সোনা মিয়া (৩৮)। তিনি স্থানীয় নয়াবাটি এলাকার বাসিন্দা এবং খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া নিজস্ব চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়েও তাকে পুনরায় আক্রমণ করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুরের একটি ক্লিনিকে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, হামলাকারীদের মধ্যে দুজন মুখোশ পরা এবং একজন হেলমেট পরিহিত ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।