প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৫৯ পিএম (ভিজিট : ৫৯)

X
হাম প্রতিরোধে সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীতে হামের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জনসম্পৃক্ততা বাড়ানো এবং শতভাগ শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ছয় মাস থেকে পাঁচ বছর (৫৯ মাস) বয়সী সব শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। কর্মসূচিটিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গলিতে গলিতে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।
আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত হাম টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তাদের পূর্বের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে এ কর্মসূচি সফল করতে হবে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।