প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিট : ৩১)

X
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মনসাদপুর বাজার ও সুবর্ণচর উপজেলার চরবাটা ভূইয়ারহাট বাজারে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে নোয়াখালী জেলা পরিষদের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত ৩১ ব্যক্তির মাঝে মোট ৩ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। চেক তুলে দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই দুঃসময়ে সরকার তাদের পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
নোয়াখালী জেলা পরিষদে প্রশাসক হারুনুর রশিদ আজাদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে সব সময় এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখব।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।