প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম (ভিজিট : ১১৪)

X
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন রূপে সেজে উঠেছে। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে বরণ করে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে পরিষদ প্রাঙ্গণজুড়ে দৃষ্টিনন্দন আলপনার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক, চত্বর ও ভবনের সামনে রঙিন আলপনায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং বাঙালির হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের নানা চিত্র। এসব শিল্পকর্মে যেমন রয়েছে বাংলার প্রকৃতি ও জনজীবনের ছোঁয়া, তেমনি প্রতিফলিত হয়েছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দমুখর পরিবেশ।
এই ব্যতিক্রমী উদ্যোগে পুরো পরিষদ এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর আবহ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান খান কুদরত বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ আমার বেশ ভালো লেগেছে। শুনেছি, তিনি নিজের অর্থ দিয়ে রং কিনে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে পরে এই আলপনা আঁকেন। এটি সত্যিই প্রশংসনীয়।”
ঘিওর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম বলেন, “ইউএনও স্যারের এই উদ্যোগে নববর্ষকে ঘিরে উপজেলা চত্বর নতুন রূপ পেয়েছে। এর আগে কোনো কর্মকর্তা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন বলে আমার চোখে পড়েনি। এই আলপনা যেমন সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি শিশুদের সৃজনশীলতা বিকাশেও সহায়তা করছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম জানান, “শিশুদের মেধা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার পর শিশুদের অংশগ্রহণে এই আলপনা আঁকা হয়েছে। মূল লক্ষ্য ছিল শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করা।”