পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মেট্রোরেলের দুইটি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।