প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম (ভিজিট : ১২৯)

X
হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। তবে ক্লাস পরীক্ষা চলমান থাকায় প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিতি ছিল হাতে গোনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন করে।
সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। সভাপতিত্ব করেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ বিভিন্ন হল সুপার ও জনসংযোগ শাখার পরিচালক।
উদ্বোধনীতে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের শপথ পাঠ, মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অল্পসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জানান, স্পোর্টস ডে’র তারিখ নির্দিষ্ট না থাকায় প্রশাসনের পক্ষ থেকে ক্লাস বন্ধের নির্দেশনা দেওয়া সম্ভব হয়নি। ফলে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার কারণে অংশ নিতে পারেনি।