ঝালকাঠির নলছিটিতে ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার শীতলপাড়া গ্রামের বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর ঘরেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা বসবাস করছেন।
বৃদ্ধা হাজেরা বিবি বলেন, ‘আমার ছোট ছেলে খলিল (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে সে গালিগালাজ করে আমাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়।’
হাজেরা বিবির মেয়ে নাজমা বেগম বলেন, ‘আমাদের ছোট ভাই খলিল মা-বাবার ঘরেই থাকত। কিন্তু সে প্রায়ই মাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তার ছেলে-সন্তানদের সহযোগিতায় মাকে শারীরিকভাবে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়।’
স্থানীয়রা জানান, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই দেখভাল করতে চান না। কয়েকদিন আগে রাতে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা এই বৃদ্ধার নিরাপত্তা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাজেরা বিবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের শেষ সময় শান্তিতে কাটানোর জন্য আইনি সুরক্ষা ও সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন।
অভিযুক্ত খলিল হাওলাদারকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ হাজেরা বিবিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলে দুই ছেলের কেউই দরজা খোলেননি। তিনি বলেন, ‘মায়ের জন্য ছেলেরা কেউই দায়িত্বশীল নয় বলে মনে হচ্ছে।’
তিনি আরও জানান, আগামী শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ বৈঠক করার কথা থানায় জানিয়েছেন সংশ্লিষ্টরা।