
X
কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানায়, গত ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই র্যাব-১০ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, ২টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪৩, তারিখ ১৫ এপ্রিল ২০২৬; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
এদিকে রাজধানীর কদমতলী এলাকায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জিতু (৩৩) ও হুমায়ুন হোসেন রনি (৪০)। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পাবনা সদর এলাকায় র্যাব-১০ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, একটি রিভলভার ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।