প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৫৯ পিএম (ভিজিট : ১৬৪)

X
নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত থেকে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম প্রহর পর্যন্ত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে পলাশ উপজেলার জিনারদি মূলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। এ সময় পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করে।
অভিযানে উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং মাধবদীর ভাগীরথপুর এলাকায় অবস্থিত এম এম কে সিএনজি ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার হিসেবে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকায় বিক্রি করা হয়। এ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে মোবাইল কোর্ট।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী দুই ব্যক্তিকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।