প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ১০:১৮ পিএম (ভিজিট : ৯৫০)

X
হরমুজ প্রণালি
চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।’
আরাঘচি আরও জানান, ‘ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা কর্তৃক পূর্বঘোষিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল অব্যাহত থাকবে’।
প্রসঙ্গত, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ।
বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।