ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্র হোস্টেলে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এম-৬১ ব্যাচের শিক্ষার্থী হামিদুর রহমান ও আসাদুল্লাহ মোয়াজের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথাকাটাকাটির জেরে হামিদুর তার কক্ষে নিয়ে মোয়াজকে মারধর করেন। পরে মোয়াজ রড নিয়ে চা দোকানের সামনে হামিদুরের ওপর হামলা চালালে তার মাথা ফেটে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ অভিযুক্ত মোয়াজকে আটক করে নিয়ে যাওয়ার সময় হোস্টেল গেটের সামনে আবারও হামলার শিকার হন তিনি। হামিদুরের পক্ষের এক জুনিয়র শিক্ষার্থী নাফিউল পুলিশ বেষ্টনীর মধ্যেই মোয়াজের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানা-এর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। হামলার ঘটনায় জড়িত নাফিউলকে আটক করা হয়েছে।
কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মতিউর রহমান জানান, পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসন জরুরি সিদ্ধান্ত হিসেবে ক্লাস-পরীক্ষা স্থগিত ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে।