
X
প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দিতে গিয়ে বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কাজের প্রশংসা করছিলেন।
এ সময় উপস্থিত তারেক রহমান মুচকি হেসে বলেন, ‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন।’ এতে মিলনায়তনে উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়েন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি তেমন বেশি প্রশংসা করিনি, যতটা আপনি বলছেন তার চেয়ে কমই বলেছি।’
আজ (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশীদার হতে হবে এবং মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকারপ্রধান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন, যার মাধ্যমে স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সংসদে দীর্ঘ সময় ধরে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিয়ে তিনি ভাবনা-চিন্তা করেন। তার এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই তিনি একজন সফল রাজনৈতিক সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে আগ্রহী। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তাদের মতামত শোনা হবে এবং সে অনুযায়ী কাজ করা হবে এমন প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং কাজের পরিবেশ উন্নত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
উপজেলা হাসপাতাল প্রসঙ্গে তিনি জানান, এ খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।