প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৪২ এএম (ভিজিট : ৪৮)

X
ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত
ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদারের অংশ হিসেবে লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন।
আজ রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে লালবাগ কেল্লা পরিদর্শন করেন।
এসময় বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।
চার্লস জে. হার্ডার ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বিশেষ দূত চার্লস জে. হার্ডারের ঢাকায় আসার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া।
হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা।
সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।