প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৩০ পিএম (ভিজিট : ১২৬)

X
তারাকান্দা উপজেলায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিন বিকেল ৫টার দিকে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ-এর সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির সমর্থিত গালাগাওঁ ইউনিয়নের কানুয়ারী গ্রামের ওলামা দলের নোমানকে মোতাহার হোসেন তালুকদারের লোকজন মারাত্মকভাবে আহত করে। এতে তারাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী কামরুজ্জামান রিয়াদ প্রতিবাদ করায় তাকে মোতাহার হোসেন তালুকদার লোকজন মারাত্মকভাবে আহত করে।
এ ঘটনার প্রতিবাদে আহত রিয়াদের সমর্থনে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. জোবায়েদ হোসেন শাকিল এর অনুসারীরা তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল এলাকায় রবিবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। একই সময়ে উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচির ডাক দেন মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা।
একই সময় ও কাছাকাছি স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে আহত কামরুজ্জামান রিয়াদ বলেন,ওলামা দলের নোমানকে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদ করায় মোতাহার হোসেন তালুকদার এর সমর্থকরা পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে মারাত্মকভাবে আহত করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহম্মেদ জানান, উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মাইকিং করে স্থানীয়দের এ বিষয়ে অবহিত করা হয়।