প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিট : ১৫৪)

X
হাবিপ্রবিতে দুই হলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইকোনমিকস ক্লাবের ভিপি সুজন ইসলামকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগের জেরে শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
জানা যায়, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুজন ইসলামের বিরুদ্ধে এক নারীকে মেসেঞ্জারে উত্যক্ত করার অভিযোগে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এর জেরে রবিবার বিকালে জিয়া হলের শিক্ষার্থীরা তাকে হল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সুজন ইসলাম আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আনেন। এতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়।
এক পর্যায়ে জিয়া হলের শিক্ষার্থীরা আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের ভেতরে রেখে প্রধান গেট বন্ধ করে দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা কয়েক দফায় দীর্ঘ সময় ধরে চলে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, “এখন পরিস্থিতি শান্ত আছে, ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত সুজন ইসলাম দাবি করেন, “অর্থনীতি ক্লাবের নির্বাচনকে সামনে রেখে আমাকে হেয় করার জন্য এআইয়ের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্ক্রিনশট ছড়ানো হয়েছে। আমি ইতোমধ্যে দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি করেছি।”