প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম (ভিজিট : ৭৫)

X
আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন
সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কাজ পরিচালিত হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে। এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এ তথ্য জানা যাবে। নির্দেশনাটি আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে, সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ দুই শতাধিক আইনজীবী তাদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে এ দাবি জানান।
বিক্ষোভে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানির সংকট নেই। অথচ জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হেয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র। আইনজীবীরা অবিলম্বে ভার্চুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।