প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম (ভিজিট : ৫৮)

X
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট রাজধানীজুড়ে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দিবসটিকে ঘিরে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার যেকোনো ঝুঁকি মোকাবিলায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিকল্পনার আওতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় পিকেটিং এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকায় প্রবেশের প্রধান প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।
এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। যেসব এলাকায় মানুষের সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা হবে।
ডিএমপি আরও জানিয়েছে, অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। এসব স্থানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। একই সঙ্গে সিটিএসবি ও আইএডি ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ডিএমপির অতিরিক্ত সদস্যদের পাশাপাশি র্যাব ও সিআইডির সদস্যরাও যৌথভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকিতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পুলিশ।