প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম (ভিজিট : ১৫৫)

X
মর্টারশেল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়ামের পাশে পুরনো টেনিস কোর্ট সংস্কারের কাজ করার সময় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গেলে মর্টালশেলটি দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেটি উদ্ধার করেন। এরপর দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পেছনে ফাঁকা মাঠে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।
উদ্ধার করা মর্টার শেলটি কোনও সময়ের হতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মনে করেন, এটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।
তিনি বলেন, ‘শেলটি অনেক পুরনো এবং মরিচা ধরা ছিল। এটি কবের সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে পাকসেনাদের অবস্থানও ছিল। তাই এই শেলটি তখনকারই হতে পারে বলে মনে হয়।’
শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন টেনিস কোর্ট মেরামতের সময় সেখানকার শ্রমিকরা এই মর্টারশেলটি পান। পরে মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে সেটি নিষ্ক্রিয় করেন।’