প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ১০১)

X
মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু
পুষ্টি বৈষম্য দূর করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহা, যিনি পুরো আয়োজনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার মোল্লা, জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্টি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি,মো: ছিরু মিয়া। উদ্বোধনী আলোচনা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পুষ্টি কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। এ সময় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রদক্ষিণ করে, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
জাতীয় পুষ্টি সপ্তাহকে ঘিরে ধারাবাহিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সোমবার মা ও শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা সভা এবং বুধবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।