প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ৫৩)

X
ভুক্তভোগী গৃহবধূ
মাগুরার শালিখা উপজেলায় এক গৃহবধূকে মিথ্যা অপবাদ দিয়ে চুল কেটে নির্যাতন ও ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শালিখা থানার ২নং তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মিমের সঙ্গে প্রায় এক মাস আগে সাত্তর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী কর্মসূত্রে মাদারীপুর জেলার একটি ইটভাটায় কাজ করছেন।
অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মিমের বিরুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করার অপবাদ তুলে তার শ্বশুর সামসুল মন্ডল (৫৫), ভাসুর উজ্জল গাফ্ফার (৩৫) এবং শাশুড়ি রোকেয়া (৫০) জোরপূর্বক তাকে বাড়িতে নিয়ে যান। পরে তারা মিমের মাথার চুল কেটে মারধর করেন এবং একটি কক্ষে আটকে রাখেন।
পরদিন বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে সুযোগ পেয়ে মিম ঘর থেকে বের হয়ে স্থানীয়দের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে স্থানীয়রা পুলিশ ও তার স্বজনদের খবর দেন।
খবর পেয়ে স্বজনরা মিমকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মিম অভিযোগ করে বলেন, “মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর শাশুড়িকে হেফাজতে নিয়েছে। অন্য অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।