প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম (ভিজিট : ৮৯)

X
র্যাব হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে একদল সন্ত্রাসী ‘অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে’ বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে ওই খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের কথাও বলছে পুলিশ, যিনি ছলিমপুরে র্যাব হত্যা মামলার আসামি।
গ্রেপ্তার আবুল কাশেম ওরফে নলা কাশেমের (৪০) বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি-দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন ও হত্যাসহ ১৫টি মামলা আছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র এলাকাটিতে পুনরায় আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছিল। এর অংশ হিসেবে বুধবার রাতে নলা কাশেমের নেতৃত্বে একটি গোষ্ঠী সেখানে প্রবেশের চেষ্টা করে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে নলা কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।’
গত ১৯ জানুয়ারি জঙ্গল ছলিমপুরে স্থানীয়দের হামলায় এক র্যাব সদস্য নিহত হয়। এরপর গত ৯ মার্চ যৌথবাহিনীর ওই অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ জনকে আটকের তথ্য দিয়েছিল জেলা পুলিশ। এরপর থেকেই জঙ্গল ছলিমপুর ও আলী নগরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প বসানো হয়। পুরো এলাকাটি নিয়ন্ত্রণে রাখার দাবি করে আসছে প্রশাসন।
কিন্তু স্থানীয়রা বলছেন, যারা ধরা পড়েছে তারা কেউ বড় অপরাধী নন। এলাকায় যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের কেউই গ্রেপ্তার হননি।
নলা কাশেমকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসী চক্রটি সংগঠিত আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সাঁড়াশি অভিযানে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যায়।