নীলফামারীর ঐতিহ্যবাহী সরকারি কলেজে অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আগত ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তথ্য সহায়তা কেন্দ্রের বুথ স্থাপন করে সহায়তা প্রদান করেছে ছাত্রদল সরকারি কলেজ শাখা। শনিবার সকালে কলেজ গেট সংলগ্ন স্থানে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে কলেজ ছাত্রদল শাখা।
এ সময় ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্য সচিব রাইসুল ইসলাম রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক পায়েলুজ্জামান রক্সি বলেন, ভর্তি পরীক্ষা কেন্দ্র করে দূর-দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়। এর মধ্যে ছিল পরীক্ষার হল খুঁজে পেতে দিকনির্দেশনা প্রদান, প্রয়োজনীয় তথ্য সরবরাহ, মোবাইল সংরক্ষণ, অভিভাবকদের বসার সুব্যবস্থা, বোতলজাত বিশুদ্ধ পানি ও কলম সহায়তা করা।
তিনি আরও বলেন, অনেক অভিভাবক ছোট শিশু সন্তানসহ পরীক্ষাকেন্দ্রে আসেন, তাদের জন্যও বিশেষভাবে সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।