প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : ৫৮)

X
সাতক্ষীরায় র্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ দুই চোরাকারবারি আটক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খানজিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৪৯ বোতল নিষিদ্ধ কোরেক্স ও স্কাফ সিরাপ জব্দ করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে র্যাব-৬ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার, সাতক্ষীরা এএসপি মো. রেজাউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।
শনিবার (২৫ এপ্রিল) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য কামাল ও ইমরানের বাড়িতে মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে ঘরের ভেতর লুকিয়ে রাখা ১হাজার ৫৬২ বোতল উইন কোরেক্স ও ৮৯ বোতল স্কাফসহ মোট ১হাজার ৬৪৯ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।