প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৫১ এএম (ভিজিট : ৭৫)

X
উল্লাপাড়ায় ব্রি ধান-১০৮ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্রি ধান-১০৮ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বেলা ২টার দিকে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকের গোজা গ্রামে কৃষক মোঃ তাঁরা মিয়ার জমিতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।
এ সময় তিনি বলেন, উন্নত জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ৫১০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে উফশী জাতের জন্য ২৬০০ জন এবং হাইব্রিড জাতের জন্য ২৫০০ জন কৃষক রয়েছেন। প্রতিটি কৃষককে ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।
এদিকে চলতি মৌসুমে জেলায় ৩০,৩৭০ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত আবাদ হয়েছে ৩০,৩৭৫ হেক্টর, যা লক্ষ্যমাত্রাকে অতিক্রম করেছে। অনুকূল আবহাওয়ার কারণে ধানের ভালো ফলন পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে উপপরিচালক এ.কে.এম. মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলিমসহ কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষক মোঃ তাঁরা মিয়া বলেন, তিনি তার জমিতে ব্রি ধান-১০৮ চাষ করেছেন এবং ভালো ফলনের আশা করছেন। কৃষি বিভাগের দেওয়া সার ও পরামর্শে চাষাবাদ সহজ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো উৎপাদন পেয়ে লাভবান হওয়ার আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, ব্রি ধান-১০৮ একটি উচ্চ ফলনশীল আধুনিক জাত। এ ধরনের উন্নত জাতের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের সারসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির ফলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।