প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম (ভিজিট : ১৫৬)

X
শিক্ষানবিশ আইনজীবীদের বিষয়ে রুলের পরবর্তী শুনানি ৪ মে
২০২৫ সালের ২৩ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ শতাধিক শিক্ষার্থীর রিভিউ রেজাল্ট বাতিল ঘোষণায় বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না মর্মে জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু করেছেন হাইকোর্ট বিভাগ ৷
প্রথম দিনের শুনানি শুরু হওয়ার পর এ সংক্রান্ত বিষয়ে আরও শুনানির জন্য আগামী ৪ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত ৷
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করে আদেশ দেন ৷
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম শুনানির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
আদালতে শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট গাজি কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনসহ সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে উপস্থিত ছিলেন ৷
এর আগে গত ২০ এপ্রিল এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হলে বিষয়টি শুনানির জন্য লিস্টে থাকবে বলেছিলেন আদালত ৷ তার ধারাবাহিকতায় জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য গত ২২ এপ্রিল হাইকোর্টে নির্ধারিত বেঞ্চের (কজলিস্টে) কার্যতালিকায় শুনানির জন্য ছিল ৷ সেটি কজলিস্টে ওঠে এবং শুনানি হয় ৷
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ শতাধিক শিক্ষার্থীর রিভিউ রেজাল্ট বাতিল ঘোষণায় বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্ত কেন বেআইনি অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ৷