প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম (ভিজিট : ৪৮৭)

X
কালবৈশাখী ঝড়ের প্রভাবে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে জোরদার করা হয়েছে নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে দ্রুত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নামে চসিকের কর্মীরা।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতা কবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বিশেষ করে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন।
মেয়র বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে পানি জমলেও দ্রুত নিষ্কাশনের জন্য আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
চসিক সূত্রে জানা গেছে, পানি দ্রুত অপসারণের লক্ষ্যে অতিরিক্ত জনবল নিয়োগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। এর ফলে নগরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আরও জোরদার করেছে চসিক।
চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।