প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম (ভিজিট : ৯৪)

X
হাতেনাতে ধরা দুই যুবক
সাতক্ষীরা পৌরসভার রইচপুর রাজ্জাকের মোড় এলাকায় নকল চাবি ব্যবহার করে ভ্যান চুরির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— যশোর স্টেশন এলাকার জনাব আলীর ছেলে সোহাগ হোসেন তুহিন (২৫) এবং চুকনগর গ্রামের আজিজ সরদারের ছেলে রাসেল সরদার (২৮)।
ভুক্তভোগী ভ্যানচালক আজগার আলী (২৮) জানান, তিনি তার ভ্যানটি রাস্তার পাশে রেখে প্রাকৃতিক কাজে গেলে ফিরে এসে দেখেন এক ব্যক্তি তার ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আরেকজন পেছনে বসে আছে।
তিনি বলেন, আমার পকেটে ভ্যানের চাবি থাকা সত্ত্বেও দেখি ভ্যানে অন্য একটি চাবি লাগানো। আমি দৌড়ে গিয়ে ভ্যানের পেছন ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে।
পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি নকল চাবি উদ্ধার করা হয়, যা দিয়ে তারা ভ্যানটি চালু করেছিল বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ হোসেন তুহিন দাবি করেন, তাকে এক হাজার টাকার বিনিময়ে ভ্যানটি চালিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল। তাকে জানানো হয়েছিল, ভ্যানটি তার খালাতো ভাইয়ের এবং সেই হিসেবে তাকে চাবি দেওয়া হয়। তবে অপর আটক রাসেল সরদারের সঙ্গে তার পূর্ব পরিচয় নেই বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর স্থানীয়রা ইটাগাছা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে হেফাজতে নেয়। এলাকাবাসী জানান, আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করে তারা সচেতনতার পরিচয় দিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীরা আমাদের বিষয়টি জানিয়েছেন। অভিযুক্তদের আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।