
মে দিবসে জাবিতে ছাত্র ইউনিয়নের আয়োজনে প্রীতি হাডুডু, অংশ নিলেন শ্রমিক-শিক্ষার্থীরা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দঘন পরিবেশে শ্রমিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১লা মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের আয়োজনে এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খেলায় অংশ নেওয়া দুই দলের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বিষয়ে শাখা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, "আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা শুধু ইতিহাস স্মরণে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং আমাদের চারপাশের বাস্তবতাকে নতুন করে দেখার, তা নিয়ে প্রশ্ন তোলার এবং পারস্পরিক সংহতির জায়গা থেকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাতে চাই।
আমরা বিশ্বাস করি, শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিই পারে এই শোষণের চক্র ভাঙতে। ইতিহাস আমাদের শিখিয়েছে, অধিকার কখনও দয়া করে দেওয়া হয় না, তা আদায় করে নিতে হয় সংগ্রামের মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে শিক্ষার্থী - শ্রমিক ঐক্য আরও দৃঢ় হবে, আরো মজবুত হবে এবং সকলের সম্মিলিত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এক বৈষম্যহীন সমাজ নির্মাণের দিকে এগিয়ে যেতে পারবো।"