প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ১২৯)

X
চকরিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের অভিযানে ধর্ষক গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় প্রতিবেশী এক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনিবাজার এলাকায় শুক্রবার (১মে২০২৬ইং) বিকেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম কামাল উদ্দিন (৫৬), তিনি ওই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেল ৫টার সময় শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী কামাল উদ্দিন শিশুটিকে দোকান থেকে নাস্তা কিনে দিবে বলে ফুসলিয়ে বাড়ির পাশে নির্জনস্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন । তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবদুল মোমেন জানান, শিশুটিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং আমরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ করে যাচ্ছি ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শিশুটির শারিরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শিশুটির ওপর চালানো পাশবিক ঘটনায় জড়িত কামাল উদ্দিনকে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তার মেয়ের বাড়িতে আত্মগোপন থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুততম সময়ে অভিযুক্ত ধর্ষক কামাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।