
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ঘরামীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে চালের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক ঘরামীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, এনামুল হক ক্লাবপাড়া এলাকায় জনৈক মিঠুর দোকানের টিনের চাল মেরামতের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় মনোয়ারা খাতুন তাকে সাহায্য করতে গিয়ে নিজেও আহত হন।
উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।