ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা

অনলাইন ডেস্ক

রাজনীতি

নবঘোষিত কমিটিকে ঘিরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিজ জেলা নোয়াখালীতে তার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা।

2026-05-04T15:48:33+00:00
2026-05-04T15:48:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে তার বিরুদ্ধে বিদ্রোহ
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নবঘোষিত কমিটিকে ঘিরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিজ জেলা নোয়াখালীতে তার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। জেলা, সদর উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি বাতিল না হলে হরতালসহ দেওয়া হয়েছে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও।

আজ সোমবার দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। পরে মাইজদী টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম অভিযোগ করেছেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে। এতে বঞ্চিত হয়েছেন প্রকৃত কর্মীরা।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেছেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূল পর্যায়ে।

স্থানীয় পদবঞ্চিত কয়েকজন নেতা অভিযোগ করেছেন, নাছির উদ্দীন নাছির আওয়ামী লীগ পরিবারের সদস্য। দলীয় আদর্শের বাইরে গিয়ে সংগঠন পরিচালনা করছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পাশাপাশি দাবি জানিয়েছেন কমিটি পুনর্গঠনের।

তবে এসব অভিযোগ নাকচ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। তিনি উল্লেখ করেছেন, সবাই ত্যাগী হলেও একসঙ্গে সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। যোগ্যতা ও সাংগঠনিক বিবেচনায় গঠন করা হয়েছে কমিটি। দীর্ঘদিন মামলা-হামলার শিকার হয়েছেন তিনি নিজেও।

এ বিষয়ে নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিটের নেতারা, তাদের মধ্যে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, সাবেক সভাপতি আনোয়ার হোসেন রকি, সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভসহ অন্যরা।




  বিষয়:   কমিটি  ছাত্রদল  সাধারণ সম্পাদক  ঘোষণা  স্থানীয় 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy