
বাঁশখালীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয়ে বাঁশখালীর ২ হাজার ৩শ' প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় বীজ ও সার বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ লোকমান আহমদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, 'কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি অর্থবছরে বাঁশখালীর ২ হাজার ৩শ' জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষকরা সঠিক পরিচর্যার মাধ্যমে আশানুরূপ ফলন পাবেন।'